দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার মাগরিবের নামাজের পর রেল বাজার দোকান মালিক সমিতির কার্যালয় নির্বাচনকালীন উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অধ্যক্ষ (অব.) আজিজুল ইসলাম বলেন, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সুষ্ঠুভাবে ভোট গ্রহণে যেভাবে সহযোগিতা করেছেন, তাতে আমি কৃতজ্ঞ। বিজয়ী-পরাজিত সবাই মিলেই বাজারের সার্বিক উন্নয়নে কাজ করবেন,এটাই প্রত্যাশা। তিনি নবনির্বাচিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, বর্তমান কমিটি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে এবং দর্শনা রেলবাজারকে একটি মডেল রেলবাজার হিসেবে গড়ে তুলবে,এটাই আমাদের আশা।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব জাহিদুল ইসলাম, সদস্য মমিনুল ইসলাম, মুকুল হোসেন প্রমুখ। উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, আজিজুল ইসলাম, হানিফ মন্ডলসহ অন্যান্যরা। অনুষ্ঠানে দর্শনা রেল বাজারের দোকান মালিক ও ভোটাররা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
শপথের মাধ্যমে নবনির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করেন এবং বাজারের সুষ্ঠু ব্যবস্থাপনা, বাণিজ্যিক পরিবেশ উন্নয়ন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অধ্যক্ষ (অব.) আজিজুল ইসলাম।