বিশ্ব শিশু দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় আয়োজিত ‘রঙিন শৈশব-২০২৫’ শীর্ষক এ প্রতিযোগিতায় ৩০ জন শিশু অংশ নেয়। অনুষ্ঠানের শুরুতে শিশু অধিকার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এরপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়, যেখানে আঁকার বিষয় ছিল বাংলাদেশের জাতীয় পতাকা। প্রতিযোগিতা শেষে সব অংশগ্রহণকারীকে উপহার এবং বিজয়ীদের বিশেষ পুরস্কার প্রদান করেন সংযোগ ভলেন্টিয়ার্স বাংলাদেশ-ঝঠই-এর স্বেচ্ছাসেবীরা।
ইভেন্টে উপস্থিত ছিলেন সংযোগ ভলেন্টিয়ার্স বাংলাদেশ-ন্যাশনাল কাউন্সিল ২০২৫-এর টেকনিক্যাল কো-অর্ডিনেটর মো. মুশফিকুর রহমান এবং সংযোগ ভলেন্টিয়ার্স বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলার সদস্য মইন আশরাফ অনিক, জুনাইদুর রহমান নাহিদ, সুমন সরদার, জাহিদ নাভেদসহ অন্যান্য স্বেচ্ছাসেবী। পুরো অনুষ্ঠানজুড়ে তারা বিভিন্ন দায়িত্ব পালন করেন।
টেকনিক্যাল কো-অর্ডিনেটর মো. মুশফিকুর রহমান বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুরা সাধারণত এমন কার্যক্রম থেকে দূরে থাকে। তাদের মুখে হাসি ও আনন্দ দেখতে পারাটাই আমাদের সবচেয়ে বড় সফলতা।’ উদ্যোগটি স্থানীয় এলাকাবাসীর মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে। শিশুদের মধ্যে আনন্দ, উৎসাহ আর আত্মবিশ্বাস বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে অভিভাবকরাও মনে করেন।
নিজস্ব প্রতিবেদক