চুয়াডাঙ্গা সরকারি কলেজের মাঠ গতকাল সোমবার পরিণত হয়েছিল এক মহাউৎসবে। কলেজের ঐতিহ্যবাহী সাত দিনব্যাপী ‘আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর জমজমাট ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ঘিরে এ উৎসবের সৃষ্টি হয়। তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনালে বাংলা বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ডিগ্রি পাস বিভাগ।
হাজারো দর্শকের ভিড়ে শুরু হয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়দের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণের রুদ্ধশ্বাস লড়াই চলে। মাঠের চারপাশ থেকে ভেসে আসা দর্শকের বিপুল উদ্দীপনা এবং মুহুর্মুহু করতালিতে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। প্রথমার্ধেই ডিগ্রি পাস বিভাগ নিজেদের আক্রমণাত্মক কৌশলে গতি আনে। প্রথমার্ধে তিনটি গোল করে ডিগ্রি পাস বিভাগ এবং দ্বিতীয়ার্ধে একটি। তাদের অসাধারণ সমন্বিত আক্রমণ ও নিঁখুত ফিনিশিংয়ের কাছে পরাজিত হয় বাংলা বিভাগ। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ডিগ্রি পাস বিভাগ। অন্যদিকে, পুরো টুর্নামেন্টে দারুণ খেলা উপহার দিলেও ফাইনালে কোনো গোল দিতে পারেনি বাংলা বিভাগ এবং তারা সন্তুষ্ট থাকে রানার্স-আপের খেতাব নিয়ে।
ফাইনাল খেলা শেষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ও রানার্স-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। খেলার আহ্বায়ক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা কেতকী। বিজয়ী ডিগ্রি পাস দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স-আপ বাংলা দলের হাতে রানার্স-আপ ট্রফি ও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ বিজয়ী ও অংশগ্রহণকারী সকল দলকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘শিক্ষা যেমন মেধার পরিচর্যা করে, খেলাধুলা তেমনি চরিত্রের ভিত্তি স্থাপন করে। এই টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা শুধুমাত্র শারীরিক সুস্থতাই লাভ করেনি, তারা শিখেছে দলগত চেতনা, প্রতিকূলতাকে মোকাবিলা করার মানসিকতা এবং প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন। আজকের এই উৎসব প্রমাণ করে, চুয়াডাঙ্গা সরকারি কলেজ শুধু জ্ঞানের কেন্দ্র নয়, এটি সুশৃঙ্খল ও মানবিক মূল্যবোধসম্পন্ন আগামী প্রজন্ম তৈরির এক উজ্জ্বল প্রতিষ্ঠান। আমি আশা করি, এই শৃঙ্খলা ও হার-জিত মেনে নেওয়ার মানসিকতা আমাদের শিক্ষার্থীরা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করবে।’
বিশেষ অতিথি উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা কেতকী বলেন, এমন সফল আয়োজন কলেজের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে। তিনি সকল শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অব্যাহত রাখার আহ্বান জানান।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. সফিকুল ইসলাম অংশগ্রহণকারী সকল দল, শিক্ষক এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ঘোষণা করেন, শিক্ষার্থীদের উদ্দীপনা ধরে রাখতে কলেজ কর্তৃপক্ষ ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখবে। এই সফল টুর্নামেন্টের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থীরা এক আনন্দঘন স্মৃতি নিয়ে আবারও তাদের নিয়মিত শিক্ষাকার্যক্রমে মনোনিবেশ করবে।
নিজস্ব প্রতিবেদক