মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার হাতিকাটায় তিন মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ

পাঁচ কিশোর আহত, দুজন রেফার্ড
  • আপলোড তারিখঃ ১৮-১১-২০২৫ ইং
চুয়াডাঙ্গার হাতিকাটায় তিন মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ

চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে তিন মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৫ কিশোর আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রেফার্ড করা হয়েছে। গতকাল সোমবার রাত আনুমানিক ৯টার দিকে দামুড়হুদা উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা এলাকায় চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া কলোনি পাড়ার জসিমের ছেলে জুয়েল (১৬), মজিরুলের ছেলে সাব্বির (১৪), শুকুর আলীর ছেলে বিপুল (১৭) এবং মেহেরপুর জেলার বারাদী ইউনিয়নের পিরোজপুর গ্রামের আবুল হোসেনের ছেলে বায়োজিদ (২১), বারাদী গ্রামের জিন্নাতের ছেলে নাঈম (১৪)।


স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কের হাতিকাটা এলাকায় উভয় দিক থেকে আসা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঠিক আগমুহূর্তে সংযোগ সড়ক থেকে আরেকটি মোটরসাইকেল আকস্মিকভাবে প্রধান সড়কে উঠে আসে। এতে তিন মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তারেক জুনায়েত প্রাথমিক চিকিৎসা দিয়ে দুইজনকে রেফার্ড করেন এবং দুইজনকে ভর্তি রাখেন।


আহত বিপুল বলেন, ‘আমরা তিনজন মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গায় আসছিলান। হাতিকাটা এলাকায় এসে হঠাৎ করে সংযোগ রোড থেকে একটা মোটরসাইকেল আমাদের সামনে উঠে আসে। আমরা ব্রেক করতে না পেরে ধাক্কা খাই। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসতে থাকা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু এলোমেলো হয়ে যায়।’


কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক জুনায়েত বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত ৫ কিশোরকে জরুরি বিভাগে আনা হয়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে জুয়েল ও বায়জিদকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেছি। সাব্বির ও নাঈমকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। বিপুল প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।’


চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। হাসপাতালে ডিউটিরত পুলিশ আহতদের কাছ থেকেও প্রাথমিক তথ্য নিয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

ভাংবাড়ীয়ায় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন