আলমডাঙ্গায় কর্তব্যরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাবেক অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল। গতকাল রোববার সকালে আলমডাঙ্গা পুরাতন বাজারে জোড়া বাড়ির পাশে তাঁর পারিবারিক ভিটায় গড়ে ওঠা ‘সেফ অ্যান্ড সুপার ফুড’ প্রতিষ্ঠানে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ড. আবু সালেহ বলেন, ঢাকার অভিজাত এলাকা ছেড়ে আলমডাঙ্গায় এ প্রতিষ্ঠান করেছি শুধু মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য। এখানকার আয় থেকে আমি কোনো অর্থ নিই না। আমার স্লোগান- ‘অল্পতে তুষ্টি ও পুষ্টি’। স্কুল-কলেজের শিক্ষার্থীরা চাইলে পড়ার ফাঁকে এখানে পার্টটাইম কাজ করতে পারে। কিন্তু আমাদের তরুণদের অনেকের মধ্যেই অপ্রয়োজনীয় প্রেস্টিজবোধ দেখেছি, যা ভেঙে ফেলা দরকার। বিশ্বের কোথাও কাজকে ছোট করে দেখা হয় না। তিনি আরও বলেন, যারা উদ্যোক্তা হতে চান- বিশেষ করে মাশরুম চাষে, তাদের আমি বিনা পয়সায় প্রশিক্ষণ দেব।
মতবিনিময় সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ও সাহিত্যিক হামিদুল ইসলাম আজম, রহমান মুকুল, উপজেলা প্রেসক্লাব সভাপতি নাহিদ ইসলাম। উপস্থিত ছিলেন সাংবাদিক খন্দকার শাহ আলম মণ্টু, ফিরোজ ইফতেখার, ইউটিউবার সঞ্জু আহমেদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রুনু খন্দকার, সমকাল প্রতিনিধি তানভীর সোহেল, সাংবাদিক আতিক বিশ্বাস প্রমুখ।
আলমডাঙ্গা অফিস