শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উৎসবমুখর পরিবেশে রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নির্বাচন

ভাইস চেয়ারম্যান রফিকুল ও সাধারণ সম্পাদক হামিদুর রহমান
  • আপলোড তারিখঃ ১৬-১১-২০২৫ ইং
উৎসবমুখর পরিবেশে রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নির্বাচন

দিনভর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, উৎসবমুখর পরিবেশ এবং দৃষ্টিনন্দন প্রচার-প্রচারণার মধ্যদিয়ে সম্পন্ন হলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। তিনটি প্রতিদ্বন্দ্বী প্যানেলের অংশগ্রহণে এই নির্বাচন চুয়াডাঙ্গার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক ভিন্ন মাত্রা যোগ করেছিল। ভোটের দিনেও রেড ক্রিসেন্ট সোসাইটির ভবন চত্বর তথা পুরো চক্ষু হাসপাতাল রোড জুড়েই ব্যাপক উৎসাহ, পোস্টার, ব্যানার ও ফেস্টুন লক্ষ্য করা যায়। দল-মত নির্বিশেষে সকল আজীবন সদস্য ও সদস্যরা এদিন ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানসহ কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। যা নির্বাচনকে একটি দারুণ উৎসবে পরিণত করে।


সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বেলা ৪টা পর্যন্ত। দুপুরে ভোট প্রদান করতে ছুটে আসেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের আজীবন সদস্য ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, আজীবন সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা মহিলা দলের সভাপতি রউফুন্নাহার প্রমুখ। 



নির্বাচন পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, কমিশনার ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু এবং কমিশনার অ্যাডভোকেট এম. মনোয়ার হোসেন সুরুজ। যুব রেড ক্রিসেন্ট সদস্যরাও শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


ভোটগ্রহণ শেষে বেলা সাড়ে ৪টায় ব্যালট বক্স খোলা হয় এবং গণনা শেষে রাত সাড়ে ৭টায় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফলে মো. রফিকুল ইসলামকে ভাইস চেয়ারম্যান, মো. হামিদুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মো. সিরাজুল ইসলাম মনিসহ পাঁচজন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন।



হামিদুর-মনি পরিষদের নিরঙ্কুশ জয়:
ঘোষিত ফলাফল অনুযায়ী, তিনটি প্যানেলের মধ্যে হামিদুর-মনি পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। ভাইস চেয়ারম্যান পদে মো. রফিকুল ইসলাম (রফিক-মিল্টু প্যানেল) সর্বোচ্চ ৪৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. সোহরাব হোসেন (সোহরাব-ছটি প্যানেল) পেয়েছেন ৩৯৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. হামিদুর রহমান (হামিদুর-মনি পরিষদ) বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৮১ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি  (সোহরাব-ছটি প্যানেল) পেয়েছেন ৩৬৭ ভোট।


কার্যনির্বাহী সদস্য পদে মোট পাঁচজন বিজয়ী হয়েছেন। এই পদে প্রাপ্ত ভোটের ভিত্তিতে নির্বাচিতরা হলেন মো. সিরাজুল ইসলাম মনি (হামিদুর-মনি পরিষদ) ৪৯১ ভোট, মো. সেলিমুল হাবিব সেলিম (হামিদুর-মনি পরিষদ) ৪০৯ ভোট, অ্যাড. এম.এম. শাহজাহান মুকুল (অ্যাড. সোহরাব-ছটি প্যানেল) ৩৯৫ ভোট, মো. আরিফ হোসেন জো. সোনা (হামিদুর-মনি পরিষদ) ৩৯৪ ভোট এবং মো. মফিজুর রহমান মনা (হামিদুর-মনি পরিষদ) ৩৮৪ ভোট।


কার্যনির্বাহী সদস্য পদে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে অ্যাড. মুহা. রফিকুল ইসলাম পান ৩৫৯ ভোট, মহলদার ইমরান পান ৩১৪ ভোট, সুমন পারভেজ খান পান ২৯১ ভোট, আশরাফ বিশ্বাস মিল্টু পান ২৮৭ ভোট, মো. আবুল কালাম আজাদ পান ২৩৪ ভোট, মো. মফিজুর রহমান জোয়ার্দ্দার পান ২১৭ ভোট, মো. আশরাফুল হক পান ১৬৭ ভোট, এ.বি.এম মোখছেদুল আমিন সোহাগ পান ৯৭ ভোট এবং মো. রবিউল ইসলাম(বাবলু) পান ৯৬ ভোট।


নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো ছিল: অ্যাড. সোহরাব-ছটি পূর্ণ প্যানেল (ভাইস চেয়ারম্যান পদে অ্যাড. সোহরাব হোসেন, সেক্রেটারি পদে হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, কার্যনির্বাহী সদস্য পদে অ্যাড. এম এম শাহজাহান মুকুল, অ্যাড. মুহা. রফিকুল ইসলাম, মো. মফিজুর রহমান জোয়ার্দ্দার, সুমন পারভেজ খান ও মহলদার ইমরান), হামিদুর-মনি পরিষদ (হামিদুর রহমান, সিরাজুল ইসলাম মনি, আবুল কালাম আজাদ, মো. মফিজুর রহমান মনা, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা ও সেলিমুল হাবিব সেলিম) এবং রফিক-মিল্টু প্যানেল (রফিকুল ইসলাম, আশরাফ বিশ্বাস মিল্টু, ডা. আশরাফুল হক, এবিএম মোখছেদুল আমিন সোহাগ ও হাজি রবিউল ইসলাম)। ফলাফলে দেখা যায়, সাধারণ সম্পাদক ও পাঁচজন সদস্য পদের মধ্যে চারজন নির্বাচিত হওয়ায় হামিদুর-মনি পরিষদ একচ্ছত্র আধিপত্য বিস্তার করে, তবে ভাইস চেয়ারম্যান এবং একজন সদস্য পদে অন্য প্যানেলের প্রার্থী জয়ী হওয়ায় মিশ্র ফল আসে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠানে শরীফুজ্জামান