চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফের নির্বাচনী প্রচারণায় এখন গ্রামীণ জনপদে উৎসবের আমেজ। গতকাল শনিবার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নে দ্বিতীয় দিনের নিবিড় প্রচারণায় তিনি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছান। বিকেল ৪টার সময় শ্রীনগর গ্রাম থেকে ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করেন মো. শরীফুজ্জামান শরীফ। এরপর তিনি পাঁচলিয়া, বেগুরখালি ও ভদুয়া গ্রামসহ বিভিন্ন এলাকায় একাধিক পথসভা ও প্রচারণা চালান। এই সময় শত শত মানুষ রাস্তায় নেমে এসে প্রিয় নেতাকে অভ্যর্থনা জানান। কৃষকের করুণ মুখ এবং সাধারণ খেটে খাওয়া মানুষের কষ্ট শুনে মো. শরীফুজ্জামান শরীফ আবেগপ্রবণ হয়ে পড়েন। এই দিন তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, এই বঞ্চনার অবসান ঘটানোই তাঁর রাজনীতি।
গণসংযোগে মো. শরীফুজ্জামান শরীফ সাধারণ মানুষ এবং নেতা-কর্মীদের উদ্দেশে আবেগঘন ও বিস্তারিত বক্তব্য দেন। তিনি জনগণের দুঃখ মোচনের অঙ্গীকার এবং ৩১ দফার বাস্তবতাকে তুলে ধরেন। তিনি বলেন, ‘আমার জামজামি ইউনিয়নের সংগ্রামী ভাই ও বোনেরা, শ্রীনগর থেকে ভদুয়া পর্যন্ত আপনাদের যে ভালোবাসা দেখছিÑতা আমার রাজনীতির সবচেয়ে বড় শক্তি। আপনারা জানেন, এই ভালোবাসা হলো আমাদের মুক্তির প্রতীক। আপনারা বছরের পর বছর ধরে ফসলের ন্যায্য দাম পাননি, সুচিকিৎসা পাননি, আর আপনাদের সন্তানরা বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরছে। আমি আপনাদের বলতে এসেছিÑএই কষ্ট আর বেশি দিন সইতে হবে না!"
তিনি আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান সেই কারণেই আপনাদের মুক্তির জন্য ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা দিয়েছেন। এই রূপরেখা আপনাদের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির গ্যারান্টি। আমি আপনাদের কাছে কোনো ফাঁকা বুলি দিতে আসিনি, এসেছি ৩১ দফার অঙ্গীকার নিয়ে। ৩১ দফায় আমরা ওয়াদা করেছিÑদ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ নিশ্চিত করা হবে এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে প্রতিটি পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনা হবে। আপনাদের ভোটেই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন এবং দেশে সুশাসন ফিরে আসবে।’
মো. শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আপনারা বিশ্বাস রাখুনÑআমরা ঐক্যবদ্ধ। আমি আপনাদের সেবক হিসেবে পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করুন। ইনশাআল্লাহ, চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের বিজয় হবেই।’
গণসংযোগকালে মো. শরীফুজ্জামান শরীফের সাথে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম, সিনিয়র সহসভাপতি লুতফুর রহমান, সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, যুগ্ম সম্পাদক মিল্টন আলী, সাংগঠনিক আজলুর আলী, জেলা যুবদলের সহসভাপতি আবুল কালাম আজাদ, আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সিনিয়র সহসভাপতি আল মামুন হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, যুবদল নেতা আমানউল্লাহ বাবুল, জেলা সাহিত্য বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মেহেদী, যুবদল নেতা সালাম শাহ, শামীম আহমেদ, রানা, ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক হোসেন, ইউনিয়ন ওলামা দলের সভাপতি তোফায়েল আহমেদ, এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিনসহ বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।
নিজস্ব প্রতিবেদক