মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহে বিএনপি কার্যালয়ের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার

বিকট শব্দে নিস্ক্রিয়, এলাকায় আতঙ্ক
  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২৫ ইং
তিতুদহে বিএনপি কার্যালয়ের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার

চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার তিতুদহ ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে পুলিশ বস্তুটি উদ্ধার করে বালুভর্তি একটি পাত্রে সংরক্ষণ করে। পরে রাতে রাজশাহী থেকে আসা র‌্যাবের বোম্ব ডিসপোজাল টিম এটি নিস্ক্রিয় করে।


স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন প্রথম বস্তুটি দেখতে পান। তবে তিনি তখন নিশ্চিত হতে না পেরে পরদিন সকালে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের ও সহকারী পুলিশ সুপার আনোয়ারুল কবীর।


পুলিশ সূত্র জানায়, গিরিশনগর বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে পরিত্যক্ত অবস্থায় বোমা সদৃশ বস্তুটি পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার স্বার্থে সেটি একটি বালুর বালতিতে তুলে রাখে। পরে রাজশাহী থেকে র‌্যাবের বিশেষ বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছায় রাত ৯টার দিকে এবং রাত ১০টার দিকে বিকট শব্দে বস্তুটিকে নিস্ক্রিয় করে। টিমটির নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াহেদুজ্জামান।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় বাজারে কাজ করার সময় হঠাৎ বিএনপির অফিসের সামনে ছোট ধরনের বিস্ফোরণের মতো শব্দ পাই। কাছে গিয়ে চিনতে পারিনি। সকালে লোকজন দেখে বিষয়টি জানাজানি হলে আমরা প্রশাসনকে জানাই।’


স্থানীয় বিএনপি নেতা আমিরুল ইসলাম মিণ্টু বলেন, ‘ঘটনাটি সত্য। আমাদের অফিসের সামনে বোমা পাওয়া আতঙ্কের বিষয়। এলাকায় আমরা সবাই দল-মত নির্বিশেষে বসবাস করি। আমরা চাই, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।’


অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, ‘ঘটনার রহস্য উদ্ঘাটনে আমরা কাজ করছি। খুব দ্রুতই দায়ীদের শনাক্ত করতে পারব।’ এদিকে, ঘটনার পর এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

ভাংবাড়ীয়ায় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন