মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কেরুজ চিনিকলে স্লো-ফায়ারিংয়ের উদ্বোধন

এবার দুই মাসের বেশি সময় মিল চালানোর পরিকল্পনা
  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২৫ ইং
কেরুজ চিনিকলে স্লো-ফায়ারিংয়ের উদ্বোধন

দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির চিনিকলে ২০২৫-২৬ মাড়াই মৌসুম উপলক্ষে স্লো-ফায়ারিংয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা দুইটায় মিলের বয়লিং হাউজে আনুষ্ঠানিকভাবে আগুন নিক্ষেপের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে মিল হাউজের বয়লার বিভাগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মীর রাব্বিক হাসান।


তিনি বলেন, ‘১৯৩৮ সাল থেকে মিল একইভাবে চলছে। বর্তমানে বিএমআরআই প্রকল্পের কাজ চলছে, তাই বয়লিং হাউজ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। মাড়াই শুরু হওয়ার আগে ১৫-২০ দিনের পরীক্ষামূলক স্লো-ফায়ারিং করার কারণে যন্ত্রাংশের ত্রুটি থাকলে তা দ্রুত সারানো সম্ভব।’ তিনি আরও জানান, আগামী বছর নতুন বয়লিং হাউজ চালু হবে। আখচাষিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মিলটিকে টিকিয়ে রাখতে বেশি বেশি আখ লাগাতে হবে। কৃষকদের কথা বিবেচনায় আগামী বছর আখের মূল্য বাড়ানো হবে।’


এমডি আশা প্রকাশ করেন, এ বছর মিল দুই মাসের বেশি সময় সচল থাকবে। যান্ত্রিক ত্রুটি এড়াতে সব যন্ত্রাংশের ট্রায়াল চলছে এবং মাড়াই মৌসুম নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, চিনি উৎপাদনের একমাত্র কাঁচামাল আখ। জেলার ঐতিহ্যবাহী এই ভারী শিল্পপ্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে আখ চাষের বিকল্প নেই।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারখানার মহাব্যবস্থাপক সুমন কুমার শাহা, অর্থ বিভাগের জিএম আব্দুস সাত্তার, কৃষি বিভাগের জিএম আশরাফুল আলম ভূঁইয়া, এডিএম মীরজা গালিব, স্টোর কিপার ইনচার্জ লিংকন ঢালীসহ অন্যান্য কর্মকর্তারা। দোয়া পরিচালনা করেন কেরু জামে মসজিদের পেশ ইমাম সামসুজোহা আজাদি ও মুয়াজ্জিন নেছার উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহাব্যবস্থাপক (যন্ত্রাংশ) ইসমাইল হোসেন মোল্লা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী