বাংলাদেশের প্রতিটি নাগরিকের প্রয়োজন ও অধিকারকে কেন্দ্র করে তৈরি বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখায় সবার দাবি-দাওয়া অন্তর্ভুক্ত আছে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ ও জেলা বিএনপির সভাপতি এবং চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। গতকাল শুক্রবার বিকেলে দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় তিনি বলেন, ‘ভাইয়েরা ও মায়েরা, আজকের এই সমাবেশ আসন্ন নির্বাচনের অংশ। দীর্ঘ সংগ্রামের পর অবশেষে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে আমরা নিজেরাই ভোট দিতে পারব- মনে যা চায়, সে প্রার্থীকে ভোট দিতে পারব। কারণ স্বৈরাচার পতনের মধ্যদিয়ে জনগণের শক্তি আবার ফিরে এসেছে।’ তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস। গত তিনটি নির্বাচনে মানুষের সেই মালিকানা ছিল না। কিন্তু ছাত্র-জনতার আন্দোলন ও ১৭ বছরের সংগ্রামে সেই অধিকার আমরা পুনরুদ্ধারের দ্বারপ্রান্তে। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে জনগণের ভোটের নির্বাচন।’
বিএনপি মনোনীত এই প্রার্থী আরও বলেন, ‘আপনার আমার দায়িত্ব- যারা অভিজ্ঞ, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে এবং দেশের জন্য সঠিক পরিকল্পনা দিতে পারে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া। আমাদের নেতা তারেক রহমান তিন বছর আগে রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেওয়া শুরু করেন, যার সর্বশেষ অংশ হলো ৩১ দফা। আমরা ক্ষমতায় এলে এ দফাগুলো পুরোপুরি বাস্তবায়ন করব। ছাত্র, যুব, প্রবীণ, কৃষক, শ্রমিক- সবার প্রয়োজনই এখানে অন্তর্ভুক্ত রয়েছে।’
পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিউল্লাহ শফি সভায় সভাপতিত্ব করেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিবর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক