সাড়ে ৭ বছর পর আজ শুক্রবার দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমদ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিটি। এ নির্বাচনে ১৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছে। নির্বাচনে ৭টি ওয়ার্ডে মোট ভোটার ৭৬৯ জন। আজ শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে দর্শনা ডিএস সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচনে সভাপতি পদে মাঠে রয়েছেন সাবেক সভাপতি তোফাজ্জেল হোসেন (চেয়ার), লুতফর রহমান (মই) ও তারিকুল ইসলাম জুয়েল (চশমা)। সাধারণ সম্পাদক পদে ৩ জন পুরানো হলেও ২ জন রয়েছেন নতুন প্রার্থী। এদের মধ্যে রয়েছেন সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন রতন (প্রজাপতি) সাবেক সহ-সাধারণ সম্পাদক আরিফুর রহমান বাবু (চাঁদতারা), গত নির্বাচনে পরাজিত প্রার্থী সেলিম মেহমুদ লিটন (বাইসাইকেল), নতুনদের মধ্যে রিয়েল ইসলাম লিওন (ছাতা) ও নাসির উদ্দিন খান হাসু (সূর্যমুখী ফুল)।
এদিকে সহসভাপতি পদে আবুল বাসার (মোরগ) আরিফুল ইসলাম জয়নাল (কলস) ও রিন্টু জামান (মাছ), সহ-সাধারণ সম্পাদক পদে আবিদ হাসান রিফাত (হরিণ) ও শরিফুল আলম (আনারস), কোষাধ্যক্ষ পদে সাবেক কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন (টিউবওয়েল) ও মিজানুর রহমান (দেয়ালঘড়ি), দপ্তর সম্পাদক পদে সাবেক দপ্তর সম্পাদক সোহাগ হোসেন (টেবিল) ও কালু মিয়া (হারিকেন)।
এছাড়া ৭টি ওয়ার্ডের মধ্যে ১ নং ওয়ার্ডের সদস্য পদে ফরজ আলী (কাঁঠাল) ও মো. শরিফ (পেয়ারা), ২ নং ওয়ার্ডে জাহিদুল ইসলাম (মোবাইল) ও হারেজ উদ্দীন (সেলাই মেশিন), ৩ ও ৪ নং ওয়ার্ডে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আব্দুল এবং শামীম মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, ৫ নং ওয়ার্ডে ওয়াসিম (পুটবল) ও মেহেদী হাসান (বেলচা), ৬ নং ওয়ার্ডে হানিফ খা (আম) ও আজিজুল ইসলাম আজিজ (পানপাতা) ও ৭ নং ওয়ার্ডে হাবিব শিকদার (জবাফুল), সাইদুর রহমান টুটুল (উড়োজাহাজ) ও আজাহার খান ঝন্টু (চায়ের কাপ)।
এ নির্বাচনেকে ঘিরে নির্বাচন পরিচালনা কমিটি কড়া নিরাপত্তা গ্রহণ করেছে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান। উল্লেখ্যে, চুয়াডাঙ্গা জেলার অন্যতম শহর দর্শনা। শিল্প শহর দর্শনার পরিচিতি গোটা দেশ জুড়ে রয়েছে। দর্শনা দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন নিয়ে এলাকা জুড়ে বইছে আলোচনার ঝড়। এ নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকেরা যেমন সরব আলোচনা, তেমনি ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষণীয়।
জানা গেছে, ২০১৮ সালের ২০ এপ্রিলে দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। তিন বছর মেয়াদি পরিষদ হলেও বিগত কমিটি দায়িত্বে ছিলেন টানা ৭ বছরেরও বেশি সময়। নানা জটিলতার কারণে ঠিকঠাক সময়ে নির্বাচন হয়নি। অবশেষে চলতি বছরের ২৫ মে গঠন করা হয় উপদেষ্টা পরিষদ।
দর্শনা অফিস