মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মায়ের স্বপ্নপূরণে হেলিকপ্টারে যাত্রা

  • আপলোড তারিখঃ ১৩-১১-২০২৫ ইং
মায়ের স্বপ্নপূরণে হেলিকপ্টারে যাত্রা

মায়ের ছোট্ট শখ পূরণে ছেলের বিশাল আয়োজন- এমনই এক আবেগঘন ঘটনার সাক্ষী হলো চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বগাদী গ্রাম। ইউরোপ প্রবাসী মফিবুল বিশ্বাস তাঁর মায়ের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে নিজ গ্রাম থেকেই হেলিকপ্টারে করে ঢাকায় যান। জানা গেছে, প্রয়াত ওয়ালিদ বিশ্বাসের একমাত্র পুত্র মফিবুল বিশ্বাস বর্তমানে ইউরোপ প্রবাসী। পিতা না থাকায় মা মোছা. মদিনা খাতুনই তাঁর জীবনের অবলম্বন ও অনুপ্রেরণা। সেই মায়ের একদিনের ইচ্ছা- ‘হেলিকপ্টারে চড়তে চাই’- সেটিই বাস্তবে রূপ দিলেন তিনি।


গতকাল বুধবার বেলা তিনটার দিকে বগাদী গ্রামের মাঠে হেলিকপ্টার অবতরণের মুহূর্তে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এলাকাবাসীর ভিড় জমে চারদিক। অনেকেই মোবাইলে ধারণ করেন এই বিরল দৃশ্য। হেলিকপ্টারে ওঠার আগে আবেগঘন কণ্ঠে মা মদিনা খাতুন বলেন, ‘ছেলে আমার শখ পূরণ করলো। কখনও ভাবিনি, গ্রাম থেকে হেলিকপ্টারে উঠে ঢাকা যাবো। এখন ইউরোপে ছেলের সঙ্গে যাচ্ছি- এ যেন স্বপ্নও নয়, তার চেয়েও বেশি কিছু।’


মফিবুল বিশ্বাস বলেন, ‘আমার মা সারাজীবন অনেক কষ্ট করেছেন। আজ আমি যা হয়েছি, তা তাঁর দোয়ায়। এখন আমার দায়িত্ব- মায়ের মুখে হাসি ফোটানো। ইউরোপে মাকে নিয়ে যাওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ।’ গ্রামের প্রবীণ বাসিন্দা আব্দুল জলিল বলেন, ‘মফিবুলের মতো ছেলেই আসল সন্তানের উদাহরণ। মায়ের স্বপ্নপূরণে যা করলো, তা আমাদের সবার জন্য গর্বের।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী