আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক শেখ মেহেদী ইসলামের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার আলমডাঙ্গা পৌরসভার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শেখ মেহেদী ইসলাম।
তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমরা চাকরি করি, আমাদের বদলি হতে হবেই, এটা বিধিবদ্ধ নিয়ম, এর বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। তবে আমি পৌরসভাকে যেভাবে সাজাতে চেয়েছিলাম, হয়ত সম্পূর্ণ করতে পারিনি। যেটুকু বাদ আছে, আপনাদের দায়িত্ব যিনি মেয়র হয়ে আসবেন, তাকে দিয়ে করিয়ে নেওয়া। এটা আমার অতিরিক্ত দায়িত্ব ছিল, কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদের উন্নয়ন করতে, কর্মচারীদের বেতন আপডেট করে দিয়েছি। যারা অবসরে ছিলেন, তাদের বেতনও আমি যতটুকু সম্ভব দিয়েছি। আমি কোনো না কোনো কারণে যদি আসি, আপনাদের সাথে অবশ্যই দেখা হবে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা রকিবুল ইসলাম, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজ রানা, পৌর কসাইখানা পরিদর্শক সিরাজুল ইসলাম, পৌর কর আদায়কারী মুস্তাক আহমেদ, পৌর সড়কবাতি পরিদর্শক রোকনুজ্জামান রোকন, পৌর মেয়রের সিএ হাফিজুর রহমান, সাবেক প্রধান সহকারী খন্দকার নাশিম, বিল্লাল হোসে, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা প্রদীপ কুমার, পৌর অফিস সহায়ক লিপু প্রমুখ। অনুষ্ঠান শেষে পৌরসভার কর্মচারী অ্যাসোসিয়েসনের পক্ষ থেকে বিদায়ী পৌর প্রশাসক শেখ মেহেদী ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।
আলমডাঙ্গা অফিস