জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে ৪৪ ভরি স্বর্ণ ছিনতাই মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামে স্বর্ণ ছিনতাই মামলার আসামি মহসিনের ছেলে মিঠুকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মৃত আব্দুল মজিদের ছেলে আকিদুল ইসলাম (৪০) একজন স্বর্ণ ব্যবসায়ী। পুরাতন ঢাকার তাঁতিবাজারে ‘মা বুলিয়া স্টোর অ্যান্ড সিলভার হাউজ’ নামে তার একটি জুয়েলারি দোকান রয়েছে। তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্বর্ণ প্রেরণ করেন। তিনি জীবননগর পৌরসভার আশতলাপাড়া গ্রামের জুরন মন্ডলের ছেলে শাহজামালকে (৩০) তার দোকানে কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন এবং তাকে দিয়ে দেশের বিভিন্ন স্থানে জুয়েলারি দোকানের স্বর্ণ পৌঁছে দিতেন।
গত ২ নভেম্বর শাহজামালের নিকট ৪৪ ভরি ১৩ আনা ২ রতি ৫ পয়েন্ট স্বর্ণ জীবননগর বাজারের এসবি জুয়েলার্সের প্রোপাইটর সজীবের নিকট পাঠান। পরে ওই স্বর্ণ নিয়ে তিনি গোয়ালপাড়ার নিকট পৌঁছালে ছিনতাইকারীরা শাহজামালের কাছে থাকা সব স্বর্ণ ছিনতাই করে। এ ঘটনায় স্বর্ণের মালিক আকিদুল ইসলাম গত ১০ নভেম্বর জীবননগর থানায় বাদী হয়ে নতুনপাড়া গ্রামের আয়নালের ছেলে রাসেল হোসেন (২৫), মহসিনের ছেলে মিঠু (৪৫), হারুন (৩২) এবং সাঈদের (৩০) বিরুদ্ধে স্বর্ণ ছিনতাই মামলা করেন। জীবননগর থানা-পুলিশ অভিযান চালিয়ে নতুনপাড়া গ্রাম থেকে মিঠুকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, আকিদুল ইসলাম নামে একজন স্বর্ণ ব্যবসায়ী জীবননগর থানায় উপস্থিত হয়ে একটি স্বর্ণ ছিনতাই মামলা দায়ের করেন। সেই মামলায়া মিঠুকে গ্রেপ্তার করি এবং জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জীবননগর অফিস