দামুড়হুদায় চাহিদা মতো সার না পেয়ে ক্ষিপ্ত হয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দীনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে আব্দুল কাদের নামের এক কৃষকের বিরুদ্ধে। গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নতিপোতা বাজারে এই ঘটনা ঘটে। পরে উপ-সহকারী কৃষি অফিসার নাসির উদ্দীন বাদী হয়ে বিকেল চারটার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কৃষক আব্দুল কাদের উপজেলার নতিপোতা গ্রামের মনির উদ্দীনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ১০টার দিকে উপজেলার নতিপোতা বাজারে বিসিআইসি সার ডিলার মেসার্স শাহিন আক্তারের দোকানে সার বেচাকেনা চলছিল। কৃষক আব্দুল কাদের দুই নামে ২০ কেজি করে ৪০ কেজি টিএসপি সার ক্রয় করেন। তখন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দীন সার বিক্রয় তদারকি করছিলেন। এরই এক ফাঁকে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সার ডিলারের দোকানের পাশে কৃষকদের সঙ্গে রবি মৌসুমের সার ব্যবস্থাপনা ও চাষাবাদ নিয়ে কথা বলছিলেন। এসময় কৃষক আব্দুল কাদের কৃষি কর্মকর্তা নাসির উদ্দীনের মাথায় আচমকা আঘাত করেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা বলেন, চাহিদামতো সার না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে কৃষক এমন আচরণ করেছেন। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর ও মডেল থানায় একটি অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত কৃষি অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস বলেন, ‘আমি অফিসে ছিলাম না। তবে বিষয়টি শুনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন।’ দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র বলেন, সন্ধ্যায় উপ-সহকারী কৃষি কর্মকর্তার লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক দামুড়হুদা