চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নে নিখোঁজের একদিন পর মুজাম্মেল হক (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল ১০টার দিকে স্থানীয় একটি বিলের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান এলাকাবাসী। নিহত মুজাম্মেল হক সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গাইদঘাট গ্রামের ফতুরগাড়ী মাঠসংলগ্ন একটি বিলের পানিতে মরদেহ ভাসতে দেখেন এক যুবক। পরে মাঠের কৃষকসহ স্থানীয়রা চুয়াডাঙ্গা সদর থানায় খবর দেন। সাথে সাথে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবির) টিম ঘটনাস্থলে পৌঁছায়।
তারা সুরতহাল শেষ করতে করতে ঘটনাস্থলে উপস্থিত হন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা। পরে পুলিশ সুপারের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফরিনা ইয়াসমিন নিয়তের লাশ ময়নাতদন্ত শেষে থানা পুলিশের মাধ্যমে নিকট হস্তান্তর করেন।
পরিবারের সদস্যরা জানান, মুজাম্মেল প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং অনেক সময় হারিয়ে যেতেন। গত শনিবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘পরিবারের সদস্যরা জানিয়েছেন, মুজাম্মেল হক মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং শনিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে।’
প্রধান সম্পাদক