আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত ‘হ্যালো আন্দুলবাড়ীয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় যশোরের চৌগাছা শাহারিয়ার স্পোর্টস একাডেমিকে ২-০ গোলে হারিয়ে মিণ্টু ফুটবল একাদশ ঢাকা জয়লাভ করে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় আন্দুলবাড়ীয়া বাজার সংলগ্ন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে এ খেলার আয়োজন করা হয়।
আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ-পশ্চিমাঞ্চল ফুটবল কল্যাণ সংস্থার সভাপতি, তারকা খ্যাত ও জীবন্ত কিংবদন্তি খেলোয়াড় কাজী মামুনুজ্জামান আদুন।
বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, কলেজ পরিচালনা কমিটির সভাপতি এস এম সাইদুর রহমান বাবু, মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হারুন অর রশিদ, প্রেসক্লাব সভাপতি জাহিদুল ইসলাম মামুন, ইউনিয়ন পরিষদের সদস্য শেখ আতিয়ার রহমানসহ আরও অনেকে।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মিণ্টু ফুটবল একাদশের ১৩ নম্বর জার্সিধারী খেলোয়াড় অন্তু। পুরস্কার তুলে দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করে ভাই-ভাই কসমেটিকস। রেফারি ছিলেন আব্দুল হাই, সহকারী রেফারি মোল্লা মকছেদুর রহমান টিক্কা ও রবিউল ইসলাম রবি। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মামুন নিরব ও শেখ রাশেদুজ্জামান রাশেদ।
উল্লেখ্য, পুরো টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করছেন বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া