আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর লতিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু।
প্রধান অতিথি সানোয়ার হোসেন লাড্ডু বলেন, ক্রীড়া ও সংস্কৃতি মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে, মননশীল করে তোলে। বিদ্যালয় পর্যায় থেকেই শিক্ষার্থীদের এই চর্চায় সম্পৃক্ত করা জরুরি। এমন আয়োজন কেবল আনন্দ দেয় না, বরং একটি প্রজন্মকে দেশপ্রেম, সততা ও সহযোগিতার মানসিকতায় গড়ে তোলে। ওয়েব ফাউন্ডেশনের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন ওয়েব ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান, অ্যাডভাইজার আব্দুর শুকুর, উপজেলা প্রোগ্রাম অফিসার জিয়াউর রহমান, প্রোগ্রাম অফিসার আসাদুজ্জামান, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, বিদ্যালয়ের নবনির্বাচিত অভিভাবক কমিটির সদস্যবৃন্দ আবু সাইদ, তরিকুল ইসলাম, আহসান আহমেদ, শামিম রেজা ও শাহারভানু।
দিনব্যাপী শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে অংশ নেয়- ভলিবল, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, গল্প বলা, শরীরচর্চা, গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক প্রতিযোগিতায়। শিশু থেকে শুরু করে মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার বিকাশ ঘটায়। বিদ্যালয় প্রাঙ্গণ দিনজুড়ে মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থীদের হাসি, উচ্ছ্বাস ও করতালিতে।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ও অভিভাবকদের চোখে গর্বের ঝিলিক- সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতার পর্দা নামে।
প্রতিবেদক হাটবোয়ালিয়া