জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন বলেছেন, ‘মুক্তিযোদ্ধারা আমাদের মাথার তাজ। তারা আমাদের অভিভাবক। মুক্তিযোদ্ধারা এ জাতির শ্রেষ্ঠ সন্তান। সুখে-দুঃখে, বিপদে-আপদে যেকোনো প্রয়োজনে আমরা মুক্তিযোদ্ধাদের পাশে থাকবো। তাদের পরামর্শ আমরা সাদরে গ্রহণ করব।’ গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা আমির রুহুল আমিন আরও বলেন, ‘অসুস্থ ও প্রবীণ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিতে আমরা সর্বদা প্রস্তুত। মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নে জামায়াতে ইসলামী আন্তরিকভাবে কাজ করতে চায়।’ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দীন। সভা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উম্বত আলী, আবুল কাশেম, মণ্টু সরকার, মজিবর রহমান, আবদুল কাদের, আব্দুর রশীদসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমান, পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন, যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন প্রমুখ। সভা শেষে মুক্তিযোদ্ধারা, জামায়াতে ইসলামী নেতাদের উদ্যোগকে স্বাগত জানান এবং মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সহযোগিতার এই উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
জীবননগর অফিস