ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টানা অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার ও নারীসহ সাতজন বাংলাদেশি নাগরিক আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। আটককৃতদের মধ্যে দুইজন নারী এবং পাঁচজন পুরুষ রয়েছেন।
জানা গেছে, গত রোববার রাত ১১টা ১৫ মিনিটে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা পিপুলবাড়িয়া গ্রামের মো. শফিকুল ইসলামের বাঁশ বাগানের মধ্যে অভিযান চালানো হয়। নায়েব সুবেদার মো. উবায়দুল্লাহ এর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে আসামীবিহীন ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এদিকে গতকাল সোমবার সকাল ৭টা ২০ মিনিটে বাঘাডাংগা বিওপির সীমান্ত এলাকায় (পিলার-৬০/৭৩-আর হতে ৭০ গজ অভ্যন্তরে) নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে দুইজন নারী নাগরিককে আটক করে বিজিবি সদস্যরা। আটককৃতদের পরবর্তীতে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
আর সকাল ৯টায় কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৬০-আর হতে আনুমানিক ২০০ গজ অভ্যন্তরে জিনজিরাপাড়া গ্রামের আমবাগানে নিয়মিত টহলের সময় ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে পাঁচজন বাংলাদেশি নাগরিককে (পুরুষ ৩ ও নারী ২) আটক করা হয়। আটককৃতদের নাম-পরিচয় যাচাই শেষে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও মানবপাচার প্রতিরোধে বিজিবির টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
সমীকরণ প্রতিবেদক