আলমডাঙ্গার মেধাবী শিক্ষার্থী স্বাধীন ইসলাম ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’-পেয়েছেন। গত শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর সেগুনবাগিচা কচিকাঁচার মেলা মিলনায়তনে অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরে বাংলা এ. কে. ফজলুল হকের ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। আলমডাঙ্গার তরুণ মেধাবী মতিউর রহমান স্বাধীন, শিক্ষা, নেতৃত্ব ও মানবকল্যাণমূলক কর্মযজ্ঞে অনবদ্য ভূমিকার স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন জাতীয় মর্যাদাপূর্ণ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’। তিনি বহু বছর ধরে তরুণ সমাজকে নেতৃত্ব, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছেন। শিক্ষা উন্নয়ন, বিতর্কচর্চা, সাহিত্য ও সাংস্কৃতিক বিকাশ, মানবিক সহায়তা, এবং দারিদ্র্য বিমোচন- এই সবক্ষেত্রেই তিনি রেখে চলেছেন এক উজ্জ্বল ছাপ। তার নেতৃত্বে বিভিন্ন মানবকল্যাণভিত্তিক কর্মসূচি যেমন-বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ ক্যাম্পেইন, শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা ও নেতৃত্ব বিকাশ কর্মশালা, সামাজিক সচেতনতা ক্যাম্পেইন এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসহায়তা কার্যক্রম প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে।
আলমডাঙ্গা অফিস