আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক ১১টি ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে কুষ্টিয়া সদর থানাধীন কালিশংকরপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস গ্রামের মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে। এছাড়া মেসার্স বিশ্বাস খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী।
আলমডাঙ্গা থানা পুলিশের তথ্য অনুযায়ী, জিয়াউর রহমানের বিরুদ্ধে আদালতে ১১টি মামলায় সাজা ওয়ারেন্ট জারি ছিল। এর মধ্যে ১০টি মামলায় আদালত সাজা প্রদান করেছেন এবং একটি মামলায় সিআর ওয়ারেন্ট রয়েছে। অভিযানটি পরিচালনা করেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (অপারেশন) বিকাশ চন্দ্র সরকার, এসআই মো. বাবলু খান, এএসআই রোকন উদ্দিন, আসাদুল হক ও রাসেল তালুকদারসহ থানার একটি দল।
এ অভিযানের বিষয়ে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা নিয়মিতভাবে মাদক, অবৈধ অস্ত্র, চোরাচালান ও পরোয়ানাভুক্ত আসামি ধরতে অভিযান পরিচালনা করছি। এই অভিযান ভবিষ্যতেও চলবে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন বলে জানিয়েছে পুলিশ।
আলমডাঙ্গা অফিস