জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ফেনসিডিল ও মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ৬ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ৯টা ৫০ মিনিটে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা পিচ মোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হাবিলদার মো. মোশারাফ হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় মো. আজিম মিয়াকে (৩৭) ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি ইজি বাইকসহ আটক করা হয়। তার বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়েরের করে সোপর্দ করা হয়েছে।
এর আগে সকাল ৭টা ২০ মিনিটে একই বিওপির দায়িত্বপূর্ণ এলাকা গোয়ালপাড়া সরু রাস্তার পাশ থেকে হাবিলদার মো. মোশারাফ হোসেনের নেতৃত্বে অপর এক অভিযানে আসামীবিহীন ১৬ লিটার দেশীয় চোলাই মদ (চুল্লু) উদ্ধার করা হয়।
অপরদিকে, একই আগে রাত ১২টা ৪০ মিনিটে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে সাদ্দাম হোসেনের আমবাগান থেকে হাবিলদার শিশির কুমার হালদারের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন ৩৮ বোতল ভারতীয় মদ ও ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এছাড়া, গত ৩০ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা হাজমপাড়া গ্রামের আমবাগানের মধ্যে থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ৫ জন বাংলাদেশি নাগরিককে (পুরুষ ১, নারী ৩, শিশু ১) আটক করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষের নাম মো. তোফাজ্জল হোসেন (২২), তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আদিয়াবাদ গ্রামের বাসিন্দা।
একই দিন বেলা ২টা ১০ মিনিটে বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বাঘাডাংগা গ্রামের মো. আরিফুল ইসলামের আমবাগানের মধ্যে থেকে সুবেদার মো. আতিয়ার রহমানের নেতৃত্বে টহল দল সাজেদুল খলিফা (২৪)-কে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আটক করে।
সমীকরণ প্রতিবেদক