বাংলাদেশে দুর্নীতি, জুলুম ও বৈষম্যই উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাতগাড়ী, কুলচারা, ইসলামপুর (ডোমচারা) ও দিগড়ী গ্রামে গণসংযোগ করেন।
গণসংযোগে অ্যাড. রাসেল বলেন, ‘বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। কিন্তু বৈষম্য, দুর্নীতি ও অন্যায় আজ জাতির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে প্রত্যেক নাগরিক তার অধিকার ভোগ করবে এবং শাসনব্যবস্থা হবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে।’ তিনি আরও বলেন, ‘আমাদের রাজনীতি ক্ষমতা দখলের জন্য নয়, মানুষের কল্যাণ ও সমাজ পরিবর্তনের জন্য। আমরা চাই- বঞ্চিত মানুষগুলো আশার আলো দেখুক, তরুণরা কর্মসংস্থান ও মর্যাদার স্বপ্ন দেখুক, আর দেশের প্রতিটি নাগরিক শান্তি ও নিরাপত্তা অনুভব করুক।’
জনগণের প্রতি আহ্বান জানিয়ে অ্যাড. রাসেল বলেন, ‘আপনাদের দোয়া ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আসুন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি, যেখানে ন্যায়, সততা ও ইনসাফই হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি।’
গণসংযোগে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার অর্থ সম্পাদক কামাল উদ্দিন, পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, নায়েবে আমির মাহবুব আসিক শফি, আনোয়ার হোসেন, পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি শাহ আলমসহ স্থানীয় নেতা-কর্মীরা। গণসংযোগ শেষে নেতৃবৃন্দ স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সমীকরণ প্রতিবেদন