মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মাছের আড়তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

দুই শ্রমিক দগ্ধ, একজনের মৃত্যুশঙ্কা!
  • আপলোড তারিখঃ ৩০-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় মাছের আড়তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

চুয়াডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা শহরের মাছপট্টিতে ‘মায়ের দোয়া’ নামের একটি মাছের আড়তে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন- কুষ্টিয়া জেলার চৌড়হাস এলাকার মৃত নওশেদ আলীর ছেলে বাবু (৭০) ও চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবি পাড়ার ওমর মণ্ডলের ছেলে সাদ্দাম হোসেন (৩০)।


স্থানীয়রা জানান, আড়তের ভেতরে বরফ তৈরির কাজ চলছিল। হঠাৎ বরফ তৈরির মেশিনে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে শ্রমিক সাদ্দাম হোসেন এবং বাবু গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জেসমিন আরা জুঁই বলেন, ‘দুজনই গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। বাবুর শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। অন্যজন সাদ্দাম হোসেনকে ভর্তি রাখা হয়েছে।’


দুর্ঘটনার পর মাছপট্টিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ধারণা, বিস্ফোরিত সিলিন্ডারটি পুরনো ও লিকেজ ছিল। ফায়ার সার্ভিস ও প্রশাসনের পক্ষ থেকে মাছের আড়তগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী