দর্শনায় তুলা চাষীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় দর্শনা পুরাতন বাজারে তুলা চাষীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা জোনের কটন ইউনিট অফিসের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ সেন দেবাশীষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন তুলা উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মো. কুতুব উদ্দীন।
এসময় তিনি চাষীদের বলেন, ‘আমাদের দেশে যে পরিমাণ তুলা উৎপাদন হয়, তা এ দেশের চাহিদা মেটাতে পারে না। এ জন্য বাইরের দেশ থেকে তুলা আমদানি করতে হয়। ফলে আমাদের দেশের টাকা বাইরের দেশে চলে যাচ্ছে। তাই বর্তমান সরকার তুলা চাষে চাষীদের আগ্রহ বাড়াতে অন্যান্য চাষের মতো তুলা চাষেও আধুনিক চাষ পদ্ধতি ও সরকারি প্রণোদোনা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে। যাতে করে আধুনিক তুলা চাষে অধিক লাভবান হওয়া সম্ভব হবে বলে আমরা আশাবাদী।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের প্রকল্প পরিচালক ড. এ কে এম হারুন অর রশিদ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মুজিবনগর ইউনিটের কটন ইউনিট অফিসার আমজাদ হোসেন ও দর্শনা ইউনিট অফিসার মোক্তার হোসেন। এসময় দর্শনা ইউনিটের প্রায় অর্ধশত তুলা চাষী উপস্থিত ছিলেন।
দর্শনা অফিস