নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার ব্যস্ততম এলাকা কোর্ট মোড়ে ট্রাকের ধাক্কায় ভেঙে চুরমার হয়ে গেছে দোয়েল চত্বরের ভাস্কর্য ও ট্রাফিক ছাউনি। গতকাল সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বালি বোঝাই একটি ট্রাক (চুয়াডাঙ্গা-ট-১১-০৬৮৭) নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ট্রাফিক ছাউনিতে ধাক্কা মারে। এতে দোয়েলের ভাস্কর্যটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় রাস্তায় লোকজন ছিল না বলে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। তাদের অভিযোগ, ভোরের দিকে অনেক চালক ঘুম চোখে কিংবা অসচেতনভাবে গাড়ি চালান, যার ফলেই এমন দুর্ঘটনা ঘটে। নিজাম নামের একজন অটোচালক বলেন, ‘অ্যাকসিডেন্ট হয়েছে ভোরে, এখনো ট্রাকটি সরানো হয়নি। ৮-৯ ঘণ্টা পার হয়ে গেলেও কেউ ব্যবস্থা নেয়নি। এতে মোড় ঘুরতে খুব সমস্যা হচ্ছে।’
দুর্ঘটনার পর থেকে ট্রাকটি ঘটনাস্থলেই পড়ে থাকায় কোর্ট মোড় এলাকায় সৃষ্টি হয়েছে যানজট।
এ বিষয়ে চুয়াডাঙ্গা ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম গতকাল রাতে জানান, ‘বালু বোঝাই ট্রাকটি ভোরে দোয়েল চত্বরে ধাক্কা দেয়। এতে কেউ হতাহত না হলেও দোয়েল ভাস্কর্যটি ভেঙে যায়। ট্রাকের বালি আনলোড হয়ে গেলে আমরা ট্রাকটি পুলিশ লাইনে নেব। কাগজপত্র ঠিক না থাকলে মামলা হবে।’
নিজস্ব প্রতিবেদক