ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’-এর আওতায় আন্দুলবাড়ীয়ায় দুই দিনব্যাপী অটোমেটেড ভূমি সেবা সিস্টেম তথ্য সন্নিবেশ ও সংশোধন ক্যাম্প সম্পন্ন হয়েছে। জীবননগর উপজেলা ভূমি অফিস ও ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে। গত শনিবার ও গতকাল রোববার (২৫-২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ কার্যক্রম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হাফিজুর রহমান, উপ-সহকারী ভূমি কর্মকর্তা রুহুল আমিন, অফিস সহায়ক সামাউল হোসেন জুয়েল, ইউএনডিপি কর্তৃক মনোনীত প্রতিনিধি ও ডাটা এন্ট্রি অপারেটর আবু হানিফ, নাহিদা সুলতানা, জান্নাতুল ফেরদৌস এবং ইউনিয়ন ফ্যাসিলিটেটর খন্দকার অভি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্যাম্প চলাকালে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন মৌজার ভূমি মালিকদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর হালনাগাদ, ভূমি উন্নয়ন কর পরিষদ এবং অনলাইন প্রোফাইল সৃষ্টির কাজ সম্পন্ন করা হয়। এ উপলক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয়ভাবে ব্যাপক প্রচার-প্রচারণা চালায়, যাতে সব ভূমি মালিক প্রয়োজনীয় কাগজপত্রসহ ক্যাম্পে উপস্থিত হয়ে তথ্য হালনাগাদ করতে পারেন।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া