দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামে তরুণ উদ্যোক্তা শফিউল্লাহ শফিক নিজের উদ্যোগে গড়ে তুলেছেন ‘বন্ধু ভার্মি কম্পোস্ট’ নামে একটি জৈব সার উৎপাদন কেন্দ্র। মাত্র ৫ শতক জমির ওপর ৪৫টি চেম্বার নির্মাণ করে তিনি শুরু করেছেন ভার্মি কম্পোস্ট উৎপাদন। বর্তমানে প্রতিদিন উৎপাদন করছেন উচ্চমানের জৈব সার, যা স্থানীয় কৃষকদের কাছে ব্যাপক চাহিদা তৈরি করেছে। তার এই উদ্যোগের মাধ্যমে ৭ জন বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ফলে স্থানীয়ভাবে বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই প্রকল্প।
উদ্যোক্তা শফিউল্লাহ শফিক বলেন, কৃষিতে টেকসই উৎপাদন নিশ্চিত করতে এবং মাটির উর্বরতা বজায় রাখতে জৈব সারের বিকল্প নেই। এ চিন্তা থেকেই আমি ভার্মি কম্পোস্ট উৎপাদনের উদ্যোগ নেই। তার এই সফল উদ্যোগ আজ এলাকার তরুণদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। স্থানীয় কৃষকেরা বলছেন, শফিউল্লাহ শফিকের তৈরি জৈব সার ব্যবহার করে ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং মাটির গুণগত মান উন্নত হয়েছে।
স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, জৈব সার ব্যবহারে পরিবেশের ক্ষতি হয় না এবং মাটির উর্বরতা দীর্ঘদিন ধরে বজায় থাকে। তরুণ উদ্যোক্তাদের এমন উদ্যোগ কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলেও তারা আশা প্রকাশ করেছেন।
দর্শনা অফিস