আলমডাঙ্গার গাংনী-আসমানখালি সাংগঠনিক থানার খাদিমপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ ও ইউনিয়ন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল প্রধান অতিথি হিসেবে ইউনিয়ন কার্যালয় উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি আলিয়াটনগর ও পাঁচকমলাপুর গ্রামে গণসংযোগে অংশগ্রহণ করেন এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদিমপুর ইউনিয়ন জামায়াতের আমির মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা আমির মো. আনোয়ারুল হক মালিক, জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মো. দারুস সালাম, গাংনী-আসমানখালি সাংগঠনিক থানার আমির মো. আব্বাস উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, জামায়াতে ইসলামীর অফিস শুধুমাত্র রাজনৈতিক কেন্দ্র নয়, বরং এটি জনসেবার কেন্দ্র। এখান থেকে মানুষের কল্যাণে পরিকল্পনা গ্রহণ করা হয়। জনগণ তাদের সমস্যার সমাধানের আশায় এখানে আসবে, আর আমাদের দায়িত্বশীলগণ সেই সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরা আমাদের আচরণ, আমল ও চরিত্রের মাধ্যমে ইসলামের সৌন্দর্য্য প্রমাণ করতে চাই।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ দীর্ঘ ৫৪ বছর ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমরা সেই অধিকার প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছি, আর লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামব না। সকলকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করতে হবে, যেন বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি।’
সমীকরণ প্রতিবেদক