আলমডাঙ্গা থানা-পুলিশের বিশেষ অভিযানে খাদিমপুর গ্রামের আলোচিত চুরি মামলার আসামি মিল্টন গ্রেপ্তার হয়েছেন। গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গত ২০ অক্টোবর রাতে খাদিমপুর গ্রামের আসাদুর হকের ছেলে মো. মিল্টন হোসেনসহ কয়েকজন চুরি করার উদ্দেশ্যে আব্দুস সাত্তারের বসতবাড়ির সিঁড়িঘরের ওপরের অংশে গ্লাস লাগানোর জন্য রাখা ফাঁকা অংশ দিয়ে প্রবেশ করে। এসময় গৃহবধূর গলায় থাকা স্বর্ণের চেন টান দেন। এসময় ওই গৃহবধূ মিল্টনকে দেখতে পান এবং চিনতে পারেন। তখন মিল্টন তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে সাত্তারের স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় তিনি চিৎকার করলে মিল্টন দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় আব্দুস সাত্তার ও তার স্ত্রী থানায় লিখিত এজাহার দাখিল করেন। বাদীর লিখিত এজাহারের প্রেক্ষিতে আলমডাঙ্গা থানার মামলা নম্বর ৩০, তারিখ ২২/১০/২০২৫ খ্রিঃ, ধারা ৪৫৭/৩৮২ পেনাল কোড অনুযায়ী রুজু হয়।
এরপর আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওস)ি মো. মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই আহম্মদ আলী পাঁচকমলাপুর পুলিশ ক্যাম্পের সঙ্গীয় অফিসার ফোর্সসহ ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খাদিমপুর গ্রামের আসাদুর হকের ছেলে মো. মিল্টন হোসেনকে গ্রেপ্তার করে। তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।
আলমডাঙ্গা অফিস