সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে দামুড়হুদার আট কবরের সার ব্যবসায়ী শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের আট কবরের সার ব্যবসায়ী শফিকুল ইসলাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করছেন এমন অভিযোগ পেয়ে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমানকে অবহিত করা হয়। পরে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান। এসময় অভিযোগের সত্যতা মেলায় সার ব্যবসায়ী আট কবরের আনছার আলীর ছেলে শফিকুল ইসলামের বিরুদ্ধে সার ব্যবস্থাপনা আইনের-২০০৬ (১২) এর ৩ ধারায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক কে এইচ তাসফিকুর রহমান জানান, এ ধরনের অভিযোগের সাথে যাঁরা যাঁরা জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
প্রতিবেদক দামুড়হুদা