চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগকালে চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তুলবো। আমাদের লক্ষ্য হলো কোরআনের শিক্ষা ও ইসলামী মূল্যবোধের আলোকে জনগণের সেবা করা এবং একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আপনারা একটিবার আমাদের পরীক্ষা করে দেখুন আমরা শুধু মুখে বলি নাকি কাজও করি। বিগত সময়ে আমাদের অনেক এমপি-মন্ত্রী ছিলেন যারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের বিরুদ্ধে ১ টাকার দুর্নীতিও খুঁজে পাওয়া যায়নি। তাই আগামীতেও জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে কোনো ধরনের দুর্নীতি হবে না ইনশাআল্লাহ।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বোয়ালমারী ও মোমিনপুর গ্রামে গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে নি এসব কথা বলেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আমির মাওলানা বিলাল হোসাইন। গণসংযোগে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সেক্রেটারি মো. গোলাম রসুল, সহকারী সেক্রেটারি মো. শাহেন উজ্জামান ও মাওলানা সাজিবুল ইসলাম, মোমিনপুর ইউনিয়ন আমির মো. বজলুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি হাফেজ রাকিব হোসেন, অর্থ সম্পাদক মো. আবু সায়েম শাহীন, পেশাজীবী সভাপতি ডা. নূরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো. আব্দুল হাকিম ও ওলামা পরিষদ সভাপতি মাওলানা আব্দুল গফুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমীকরণ প্রতিবেদন