দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে রাতের আধারে পেট্রোল ছড়িয়ে আগুন ধরানোর চেষ্টা করেন রবিউল ইসলাম। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তৎক্ষণাৎ আগুন নিভিয়ে ফেলে। ওই ঘটনার সিসিটিভির ফুটেজ এলাকায় ছড়িয়ে পড়লে জনগণের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে তাকে আটক করে পুলিশ। তবে কেউ মামলা না করায় পরিবার ও তার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। রবিউল ইসলাম (৫২) কতুবপুর গ্রামের এরশাদের ছেলে।
জানা যায়, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের ইসতেফার মণ্ডলের ছেলে শাখায়েত হোসেনের দোকানের সামনে চৌকির ওপরে পেট্রোল ছিটিয়ে দেন কতুবপুর গ্রামের এরশাদের ছেলে রবিউল হোসেন। এই ঘটনা এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে দোকানঘরের মালিক এসে আগুন নিভিয়ে দেন। এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে কেউ মামলা না করায় পরিবার ও তার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
দোকানের মালিক শাখায়েত বলেন, যে এই ঘটনা ঘটিয়েছে, তার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তাকে আমি চিনিও না। তাই আমার কোনো ক্ষতি না হওয়ায় আমি তারনামে মামলা করব না।
অভিযুক্ত রবিউল ইসলাম বলেন, আমার মোটরসাইকেল থেকে পেট্রোল বের করে দোকানের সামনে ছিটিয়েছিলাম। কী কারণে পেট্রোল ছিটিয়েছিলাম, আমি জানি না।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, পেট্রোল ছিটিয়ে দেওয়ার ঘটনা শোনার পরপরই তাকে আমরা থানায় নিয়ে আসি। ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। দোকান মালিকের কোনো অভিযোগ না থাকায় তাদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।
প্রতিবেদক দামুড়হুদা