চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার থেকে একটি বাইসাইকেল চুরি হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে বাজারের হাইস্কুল সংলগ্ন লাইফ কেয়ার ক্লিনিকের সামনে থেকে এই বাইসাইকেলটি চুরি হয়।
ভুক্তভোগী ধান্যঘরা গ্রামের শাহাজামাল হোসেনের ছেলে মিনাল হোসেন জানান, তিনি ক্লিনিকের সামনে বাইসাইকেল রেখে ওপরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন সাইকেলটি নেই। পরে ক্লিনিকের সিসিটিভি ফুটেজে চুরির ভিডিও ও চোরের ছবি ধরা পড়ে।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে কার্পাসডাঙ্গা এলাকায় পাখি ভ্যান ও বাইসাইকেল চুরির ঘটনা বেড়েছে। এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘চোরের ছবি ও ভিডিও স্পষ্ট আছে। এই চোরকে শনাক্ত করতে পারলে সাম্প্রতিক ভ্যান ও সাইকেল চুরির রহস্য উন্মোচিত হবে।’
এ বিষয়ে জানতে চাইলে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকরাম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, ফুটেজ বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিবেদক কুড়ুলগাছি