দর্শনার কেরু অ্যান্ড কোম্পানির জেনারেল অফিসের সামনে তিন দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারীরা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের গ্র্যাচুইটি এবং অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। কেরুর অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারী কল্যাণ সংস্থার আয়োজনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি হাফিজুর রহমান।
সমাবেশে বক্তব্য দেন জাতীয় গণফ্রন্টের মুখ্য সমন্বয়ক ও কৃষক ক্ষেতমজুর সমিতির সভাপতি কমরেড টিপু বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুজ্জামান ফিরোজ, শ্রমিক নেতা শাহ আলম, জুলফিকার হায়দর জুলু, জাহাঙ্গীর আলম লুল্লু প্রমুখ।
বক্তারা বলেন, ‘অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটির বকেয়া অর্থসহ সব পাওনা দ্রুত পরিশোধ করতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী উৎসব বোনাস, বৈশাখী ভাতা এবং চিকিৎসা ভাতা নিয়মিত প্রদান করতে হবে। অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটির ২০ শতাংশ অর্থ পরিশোধ সংক্রান্ত বোর্ড সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথায় রাজপথে নেমে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’ পরে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসানের মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
দর্শনা অফিস