ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন বলেছেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে মানবতার কল্যাণে কাজ করতে চায়, মানুষের পাশে থাকতে চায়। জামায়াতে ইসলামীর নেতারা দলকানা জনপ্রতিনিধি হতে চান না। আমরা জনপ্রতিনিধিদেরকে জনগণের নিকট জবাবদিহিতার কালচার প্রতিষ্ঠা করতে চাই। জামায়াতে ইসলামী করতে কলিজা লাগে, মুরগির কলিজা নিয়ে জামায়াতে ইসলামী করা যায় না। আওয়ামী ফ্যাসিবাদের হাজারো আঘাতেও জামায়াতে ইসলামী কর্মীরা রাজপথে দাঁড়িয়ে আছে। জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েও থামানো যায়নি এ দলের জানবাজ কর্মীদের। জুলুম-নির্যাতন সহ্য করেই জামায়াত আজ এই অবস্থানে এসেছে। গতকাল রোববার জীবননগরের হাসাদাহ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে জিতে যাবে জনগণ। জামায়াতে ইসলামী দেশের শ্রমিক সমাজসহ সাধারণ প্রান্তিক জনগোষ্ঠীর চাওয়া-পাওয়া মাথায় নিয়ে দেশ পরিচালনা করবে। দাঁড়িপাল্লা সাধারণ মানুষের প্রিয় প্রতীক। যারা শ্রমিকদের বন্ধু হবেন না, তাদেরকে প্রত্যাখ্যান করুন। আমরা শ্রমিকদের উত্তম বন্ধু হতে চাই। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে এ দেশে শ্রমিকদের কাজের পরিবেশ উন্নত করা হবে। শ্রমিকদের ন্যায্য ন্যূনতম মজুরি নির্ধারণ করে দেওয়া হবে। আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে উন্নতি ও দুর্নীতি একসাথে চলবে না। সব রকম দুর্নীতিকে জাদুঘরে পাঠানো হবে। টাকা ছাড়া আপনার সন্তানকে চাকরির ব্যবস্থা করতে চাই। জামায়াত মানুষের হক তার দোরগোড়ায় পৌঁছে দিতে চায়। আমরা শাসক নই, বরং জনগণের সেবক হতে চাই। জীবননগর হাসপাতালকে আধুনিকায়ন করে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা হবে।
হাসাদাহ ইউনিয়ন জামায়াতের আমির আখতারুজ্জামানের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহম্মেদ, জেলা তালিমুল কোরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দীন, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা মজলিসুল মুফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি এমদাদুল্লাহ মহসিন, নায়েবে আমির হাফেজ বিল্লাল হোসেন, সহকারী সেক্রেটারি সাইদুল হক, বায়তুলমাল সম্পাদক আশাবুল হক মল্লিক, উপজেলা আইটি সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি কামাল হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, সেক্রেটারি জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রায়পুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাসান শাহরিয়ার।
সমীকরণ প্রতিবেদন