রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে একযোগে পালিত হলো লালন তিরোধান দিবস

লালন স্মরণে ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে মানুষের ঢল
  • আপলোড তারিখঃ ১৮-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে একযোগে পালিত হলো লালন তিরোধান দিবস

বাউল সম্রাটখ্যাত ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে গতকাল শুক্রবার পহেলা কার্তিক কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার আখড়াবাড়ি মুখর হয়ে উঠেছে ভক্ত, গুরু, সাধকদের পদচারণায়। এ দিন সারাদেশে একযোগে স্মরণ করা হয় বাংলার মাটিসংলগ্ন এই মহান দার্শনিককে। তারই অংশ হিসেবে গতকাল থেকে সাঁইজির বারামখানাখ্যাত ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে শুরু হয়েছে লালন স্মরণোৎসব; যা চলবে আগামীকাল ১৯ অক্টোবর পর্যন্ত। উৎসব উপলক্ষে এ দিন সকাল থেকেই আখড়াবাড়িতে ছিল ভক্ত আর সাধু, বাউল ফকিরদের মিলনমেলা। বিকেলের পর এ ভিড় বাড়তে থাকে বহুগুণ। সন্ধ্যার পর যেন মানুষের স্রোত নামে আখড়াবাড়িমুখী সব সড়কে। আখড়াবাড়ির মূল আঙিনা এবং মরা কালিগঙ্গা নদীর তীরে বিস্তীর্ণ মাঠ যেন উপচে পড়ছে মানুষে।


এ দিন বিকেলে প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে আখড়াবাড়িসংলগ্ন মরা কালীগঙ্গা নদীর তীরে উন্মুক্ত মঞ্চে ভার্চুয়ালি উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান, কবি ও চিন্তক ফরহাদ মজহার, শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। মুখ্য আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক ও গবেষক গায়ত্রী চক্রবর্তী। সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসান আরেফিন।


এদিকে, চুয়াডাঙ্গায় নানা আয়োজনে আধ্যাত্মিক বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস পালিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় র‌্যালি ও আলোচনা সভা। পরে বাউল শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। বিকেল চারটায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে শহীদ হাসান চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।


সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, কলেজের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ এবং সহকারী কমিশনার (ভূমি) আশফাকুর রহমান। বক্তারা লালন সাঁইয়ের জীবনদর্শন, মানবধর্ম ও সাম্যচেতনার প্রাসঙ্গিকতা নিয়ে আলোকপাত করেন।


আলোচনা সভা শেষে সন্ধ্যায় শুরু হয় লালন সাংস্কৃতিক সন্ধ্যা। স্থানীয় ও আমন্ত্রিত বাউল শিল্পীরা একে একে পরিবেশন করেন লালনগীতি। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সংগঠন, লালন অনুসারী, বাউল-ফকির ও শিল্পীরা অংশ নেন। পুরো আয়োজন জুড়ে ছিল ভক্ত-অনুসারীদের ভক্তিময় আবহ, মাটির ঘ্রাণ আর বাউল সুরের মেলবন্ধন।




অপর দিকে, বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ঝিনাইদহ শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, এডিএম সুবীর কুমার দাশ, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনেয়ারা, জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আলিম, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আইয়ুব হোসেন রানা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দীন, বাউল সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা ও ঝিনাইদহ জেলা জাসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটনসহ সাংস্কৃতিক অজ্ঞেিনর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা লালন শাহের জীবন ও দর্শনের ওপর গুরুত্বারোপ করে বলেন, লালন শাহ্ ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষে মানুষে ভালোবাসা ও ঐক্যের বাণী প্রচার করেছেন। তার কথা ও গান আধ্যাত্মিক ও সুফিবাদের পরিচয় বহন করে। আলোচকরা বলেন, আজকের বিভাজিত সমাজে লালনের মানবতাবাদী শিক্ষা আগের চেয়ে আরও বেশি প্রাসঙ্গিক। তাঁর গান ও দর্শন আমাদের শেখায়- ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। আলোচনা সভা শেষে স্থানীয় বাউল সমিতির শিল্পীরা লালনগীতি পরিবেশন করেন। এতে শ্রোতারা গভীর আবেগে আপ্লুত হয়ে পড়েন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত