যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস-২০২৬ উদ্যাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দিবস দুটি পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণের পাশাপাশি সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবীর। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. তারিক উজ জামান।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণ, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে। ১৪ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে সুবিধাজনক সময়ে শিশুদের সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনি এবং মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।
সভায় বক্তব্যে জেলা প্রশাসক মো. আলমগীর কবীর বলেন, চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হবে। দিবস দুটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনে সবার সহযোগিতা প্রয়োজন। ধর্ম-বর্ণ ও জাতিভেদ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এ আয়োজন সম্পন্ন করা হবে। মহান বিজয় দিবস উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হবে। এ ক্ষেত্রে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। দিবস দুটির তাৎপর্য ও চেতনা ধারণ করে যথাযথ মর্যাদায় কর্মসূচি বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার, সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দীন আহমদ, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
নিজস্ব প্রতিবেদক