দর্শনায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৬ বোতল ফেনসিডিল ও ৬ বোতল ভারতীয় মদসহ দুই সহোদরকে আটক করেছেন বিজিবি সদস্যরা। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে দর্শনা আইসিপি ক্যাম্পের হাবিলদার আনন্দ কুমারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা জয়নগর সীমান্তের চেকপোস্ট সংলগ্ন মসজিদের পাশে মেহগনি বাগানে অভিযান চালানো হয়। এসময় দুই ভাইকে আটক করে তাদের কাছ থেকে ৪৬ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৬ বোতল মদ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- দর্শনা পৌরসভার জয়নগর গ্রামের কাশমত আলীর দুই ছেলে মনিরুল (৪০) ও সুমন (৩৫)। গতকাল বৃহস্পতিবার সকালে দর্শনা আইসিপি ক্যাম্পের হাবিলদার আনন্দ কুমার বাদী হয়ে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরে থানার পুলিশ তাদের আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করে।
দর্শনা অফিস