দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামে বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে প্রবাস ফেরত নারী অনশন করছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনশনরত নারী চামেলী খাতুন জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের রজব উদ্দীন মন্ডলের মেয়ে। তিনি বলেন, চন্ডিপুর গ্রামের নুরুর ছেলে প্রবাসী মশিউর রহমানের সঙ্গে তার ১৯৯৯ সালের দিকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে ২০০০ সালে দুজনেই জর্ডান পাড়ি জমান এবং সেখানে স্বামী-স্ত্রীর মতো বসবাস শুরু করেন।
চামেলীর দাবি, প্রায় পাঁচ মাস আগে মশিউর তাকে জর্ডান থেকে দেশে পাঠিয়ে দেন। সম্প্রতি মশিউর ছুটিতে দেশে ফিরলে চামেলী বিয়ের দাবিতে তার বাড়িতে যান। কিন্তু মশিউর বিয়ের সম্পর্ক অস্বীকার করে তাকে বাড়ি থেকে বের করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে চামেলী গতকাল মঙ্গলবার সকালে মশিউরের বাড়ির সামনে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
তবে মশিউর রহমান বলেন, ‘ওই নারী আমার বাড়িতে এসে যা অভিযোগ করছে, সবই মিথ্যা। জর্ডানে থাকাকালীন সময়ে তার বিপদে আমি মানবিক কারণে অর্থসহায়তা করেছিলাম। এখন সে আমার মান-সম্মান নষ্ট করতে এবং টাকা আদায়ের উদ্দেশ্যে মিথ্যা নাটক সাজিয়েছে। আমার স্ত্রী ও সংসার রয়েছে, আমি কেন তার সঙ্গে বিয়ের সম্পর্ক করবো?’ ঘটনাটি বর্তমানে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
প্রতিবেদক কুড়ুলগাছি