আলমডাঙ্গার হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আ.সাত্তার আর নেই। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। আ. সাত্তার বড়বোয়ালিয়া গ্রামের মৃত খোরশেদ মন্ডলের ছোট ছেলে।
আ. সাত্তারের বড় ভাই কোরবান আলী জানান, গত ৭ অক্টোবর বৃহস্পতিবার রাতে আ. সাত্তার স্ট্রোকে আক্রান্ত হন। রাতেই তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। সেখানে থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের ২৫ ঘণ্টা পর তার জ্ঞান ফেরে। তবে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার তার নিউমোনিয়া ধরা পড়ে। তিনি অ্যাজমা রোগী হওয়ার কারণে তার শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থা খারাপ হলে তাকে আইসিইউতে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়। গতকাল সোমবার সকাল সাড়ে সাতটায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল সোমবার বাদ মাগরিব বড়বোয়ালিয়া ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পুরাতন কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রতিবেদক হাটবোয়ালিয়া