চুয়াডাঙ্গায় মো. জুয়েল (৩০) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে পৌর এলাকার তালতলা ওহিদ শাহের মাজার প্রাঙ্গণে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জখম মো. জুয়েল চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। পূর্ব বিরোধের জের ধরে গতকাল বেলা তিনটার দিকে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর জখম হন। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে। পরে পরিবারের সদস্যরা জুয়েলকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। জুয়েলের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘এ ধরনের মারামারির একটি ঘটনার খবর শুনেছি। হাসপাতালে খোঁজ নেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত এমন কোনো আহত ব্যক্তির চিকিৎসা নেওয়ার তথ্য পাওয়া যায়নি। এছাড়া থানায়ও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
নিজস্ব প্রতিবেদক