চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, একনিষ্ঠ রাজনৈতিক সংগঠক ও তৃণমূলের ‘প্রিয় মুখ’ মির্জা ফরিদুল ইসলাম শিপলুর অকাল প্রয়াণে শোকাভিভূত গোটা চুয়াডাঙ্গা। তাঁর মৃত্যু শুধু বিএনপি নেতা-কর্মীদের নয়, সাধারণ মানুষকেও করেছে ব্যথিত। এই নিবেদিতপ্রাণ নেতার আত্মার মাগফিরাত কামনায় চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও শিপলু পরিবারের পক্ষ থেকে ব্যাপক পরিসরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামী শুক্রবার বাদ আসর জেলা বিএনপির উদ্যোগে চুয়াডাঙ্গা সংসদীয়-১ আসনের আওতাধীন সদর উপজেলার ৬ ইউনিয়ন ও আলমডাঙ্গা উপজেলার ১৫টি ইউনিয়নে একযোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া পরিবারের পক্ষ থেকে শুক্রবার বাদ জুমা চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা জামে মসজিদ, বড় বাজার জামে মসজিদ, থানা জামে মসজিদ, বাইতুল মামুর জামে মসজিদ, কোর্ট জামে মসজিদ এবং গুলশানপাড়া জোল মসজিদসহ মোট ছয়টি মসজিদে আলাদা করে দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে স্থানীয় সকল শ্রেণি-পেশার মানুষকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ ও মির্জা শিপলু পরিবারের সদস্যরা।
এছাড়া চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আজীবন সদস্য মির্জা ফরিদুল ইসলামের শিপলুর মৃত্যুতে আগামী শুক্রবার নিয়মিত সাহিত্য আসর ‘পদধ্বনি’ স্থগিত করা হয়েছে। একই সাথে ওই সময় একটি শোকসভার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার ঢাকার ধানমণ্ডিতে মেজো ভাইয়ের বাসায় স্ট্রোকে মারা যান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪৮ বছর। ওইদিন আসরের নামাজের পর ঢাকার মোহাম্মদপুরের আল মারকাজুল ইসলাম আল মাদানি মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে রাত দেড়টার দিকে তিনি শেষবারের মতো ফিরে আসেন প্রিয় শহর চুয়াডাঙ্গায়। পরদিন সোমবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে দ্বিতীয় জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে দাফন করা হয় তাঁকে।
নিজস্ব প্রতিবেদক