জীবননগর উপজেলার উথলীতে দিন-দুপুরে মসজিদের ব্যাটারি, এমপ্লিফায়ার মেশিন ও নগদ টাকা চুরি হওয়ার ঘটনা ঘটছে। গতকাল সোমবার দুপুরে উথলী গ্রামের মোল্লাবাড়ি পাড়ার বায়তুল মামুর জামে মসজিদে এই ঘটনা ঘটে। মসজিদ কমিটির সভাপতি শহিদুল হক পবন জানান, চোর সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে কোনো এক সময় মসজিদের তালা ভেঙে ১টি ১২ ভোল্ট চার্জার ব্যাটারি, ৪টি মাইক ও বক্স চালানোর সক্ষমতা সম্পন্ন ২টি এমপ্লিফায়ার মেশিন ও কিছু নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। ইমাম সাহেবের বসার মিম্বরের পিছনে এই জিনিসগুলো রাখা ছিল।
দিন-দুপুরে মসজিদে চুরির ঘটনায় হতবাক হয়ে পড়েছে এলাকাবাসী। তারা বলেছেন, এর আগে এখানে রাত্রে মসজিদের বাইরে থেকে দানবাক্স ভেঙে চুরি, বৈদ্যুতিক বাল্ব ও টিউবওয়েল চুরির ঘটনা ঘটছে। কিন্তু দিন-দুপুরে মসজিদের মধ্যে এ ধরনের চুরির ঘটনা প্রথম দেখলাম। মসজিদের চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
প্রতিবেদক উথলী