রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শিক্ষকের মর্যাদা রক্ষা ও দক্ষতা উন্নয়নে কাজ করার তাগিদ
  • আপলোড তারিখঃ ০৬-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল রোববার পৃথক আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। এ বছর বিশ্ব শিক্ষক দিবসের প্রতিবাদ্য ছিল ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’।


চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে কোর্ট মোড় প্রদক্ষিণ শেষে আবার প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার জেসমিন আরা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের সময়ও কোচিং ছিল, প্রাইভেট ছিল এবং শিক্ষকদের কাছে না পড়লে নম্বর কম দিতো। এই বিষয়টা এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমি আমার ওই আমলের শিক্ষকের গল্প এখনো বলি। বর্তমানে শিক্ষকদের যে বেতন দেওয়া হচ্ছে, সেই বেতনে তাদের চলতে কষ্ট হয় বলেই প্রাইভেট পড়ান। তবে যদি তাদের বেতন বাড়ানো হয়, তবুও তো তারা টিউশনি করা বন্ধ করবে না। আমি মনে করি- শিক্ষকতা একটা মহান পেশা, তাদের অনেক দায়বদ্ধতা। একজন প্রকৃত শিক্ষক তার ছাত্রকে যতক্ষণ না, পড়া ঠিক মতো বোঝাতে পারছেন, ততক্ষণ তিনি ছটফট করবেন। ছাত্র হচ্ছে শিক্ষকের কাছে আমানত। অভিভাবকেরা তার সন্তানদের শিক্ষকদের কাছে আমানত স্বরূপ দিয়ে আসেস সঠিক জ্ঞান লাভ করার জন্য। আমি আশা করব, শিক্ষাকেরা এই আমানতের সর্বোচ্চ মর্যাদা দেবে।’ চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী এবং ফাস্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর অব ফাইন্যান্স আব্দুল মজিদ বিশ্বাস। এছাড়াও শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তপন কুমার পাল, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা, তেঁতুল শেখ কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম কিবরিয়া, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষকগণ, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।



আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় বিশ্ব শিক্ষক দিবস উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। তিনি বলেন, ‘সর্বক্ষেত্রে শিক্ষকের মর্যাদা রক্ষা করতে হবে। শিক্ষক একজন পথপ্রদর্শক এবং সমাজ পরিবর্তনের কারিগর। একজন শিক্ষকই পারেন জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধের মাধ্যমে একটি প্রজন্মকে গড়ে তুলতে। একজন শিক্ষকের অবদানই একটি জাতিকে শক্তিশালী, জ্ঞানসমৃদ্ধ ও উন্নত পথে এগিয়ে নিয়ে যেতে পারে। ন্যায়, নীতিপরায়ণ এবং অন্যায়ের সাথে আপসহীন এক কাণ্ডারি হলো শিক্ষক, যার কর্মগুণে তিনি অবিস্মরণীয় হয়ে থাকবেন আমাদের মাঝে।’ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মো. আলাউদ্দিন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. ইমরুল হক, আলমডাঙ্গা সিদ্দিকিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মো. মহিতুর রহমান, মাওলানা মো. মিরাজুল ইসলাম, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক নাসির উদ্দিন এঁম প্রমুখ। উল্লেখ্য, প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। ১৯৯৪ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) এই দিনটি ঘোষণা করে। এ বছরের প্রতিপাদ্যে ‘শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন’-যা শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষাব্যবস্থার জন্য সহযোগিতার রূপান্তরমূলক সম্ভাবনা তুলে ধরে।


মেহেরপুর:‎
‎বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম। সভা সঞ্চালনা করেন মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম।‎ ‎ আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রদীপ চন্দ্র শীল, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম, মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল আমিন, আমঝুপি আলিম মাদ্রাসার সুপার মাহবুবুল আলম, আহমদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ শাহী উদ্দিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম, কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, সহকারী শিক্ষক দিলরুবা পারভিন, এবং মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রকৌশলী মোহাম্মদ শফিউদ্দিন প্রমুখ। ‎আলোচনা শেষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
‎    উপহারপ্রাপ্তদের মধ্যে ছিলেন- মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চিফ ইনস্ট্রাক্টর প্রকৌশলী শফিউদ্দিন, মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষক টিপু সুলতান, আমঝুপি মাধ্যমিক বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুল কবীর, আমঝুপি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাহবুব-উল আলম, সহকারী শিক্ষক দিলরুবা পারভীন, মানিকনগর ডি.এস. আমিনিয়া আলিম মাদ্রাসার শিক্ষক শামীমা আক্তার, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান এবং ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিমিনি খাতুন।‎



ঝিনাইদহ:
‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বক্তব্য দেন। বক্তারা বলেন, শিক্ষকদের হাতেই গড়ে ওঠে জাতির ভবিষ্যৎ। তাই তাদের মর্যাদা রক্ষা ও দক্ষতা উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষকদের দায়িত্ব আরও বেড়েছে। শিক্ষার্থীদের জ্ঞান ও মানবিকতায় গড়ে তোলাই এখন মূল লক্ষ্য। তাই শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় গড়ে তুলতে প্রতিটি শিক্ষককে এগিয়ে আসার আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত