বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, ‘চুয়াডাঙ্গা-২ বা ১ থেকে অথবা বাংলাদেশের ৩০০ আসন থেকে, কে কোথায় থেকে নির্বাচন করবেন, এটার সিদ্ধান্ত দলের হাইকমান্ড নেবে। তো অন্য কোনো দল থেকে কে কী বলল, কী করলো, সেটা নিয়ে আমাদের দলের নেতা-কর্মীরা বিভ্রান্ত না ও চিন্তিতও না। আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ^াস করি।’ গতকাল বৃহস্পতিবার জীবননগরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি জীবননগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
জেলা বিএনপির সভাপতি আরও বলেন, ‘আমরা রাজনীতিতে ধর্মকে আনতে চায় না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্লোগান- ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’- এই আদর্শকে সামনে রেখে আমরা হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। যেমন তারা ঈদের সময় আমাদের শুভেচ্ছা জানায়, তেমনি আমরাও তাদের দুর্গোৎসবে শুভেচ্ছা জানাই।’
এর আগে পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। যে বক্তব্য জনাব তারেক রহমান দিয়েছেন, সেটাই আপনাদের কাছে পৌঁছাতে এসেছি। তিনি বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশ আমাদের সবার। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটায় পরিচয় আমরা বাংলাদেশের মানুষ।’
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি মো. শাজাহান কবির, সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু, জীবননগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আ. হামিদ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
জীবননগর অফিস