চুয়াডাঙ্গার জীবননগরে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে কুইজ, বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথমে কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর ধাপে ধাপে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল আমীন।
তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা তিনটি গ্রুপে ভাগ হয়ে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উদ্ভাবন ও জনমুখী বাংলাদেশ গঠনে তারুণ্যের চিন্তা-ভাবনার প্রতিফলন স্বরুপ অনুষ্ঠিত এই আয়োজনে ‘জুলাই বিপ্লব’ এবং ‘উদ্ভাবন ও জনমুখী বাংলাদেশ গঠনে প্রতিভা অন্বেষণ’ বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতার বিষয় ছিলো ‘মাদককে না বলি, সফল জীবন গড়ি, ও ‘নতুন বাংলাদেশ নির্মাণে তারুণ্যের ভাবনা’। বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিলো ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকাই প্রধান’ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিলো ‘উদ্ভাবন ও জনমুখী বাংলাদেশ গঠনে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’।
দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা। প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন এবং সহকারী প্রোগ্রামার মাহমুদুর রহমান প্রমুখ।
জীবননগর অফিস