চুয়াডাঙ্গায় জুলাই শহীদ স্মরণে তরুণদের মানসিক সুস্থতা ও চাপমুক্ত শিক্ষা নিশ্চিত করতে স্কুল-কলেজে মেন্টাল হেলথ ক্লাব গঠনের ওপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা পরিষদের আয়োজনে এবং চুয়াডাঙ্গা যুব দক্ষতা উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে এ সেমিনার শুরু হয়। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষক অংশ নেন। মানসিক সহায়তা প্রদান ও আত্মহত্যা প্রতিরোধই এ আয়োজনের মূল লক্ষ্য। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের শিক্ষার্থীদের মানসিকভাবে সচেতন ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলার দিকনির্দেশনা দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজুর। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘চুয়াডাঙ্গায় আত্মহত্যার প্রবণতা তুলনামূলক বেশি, বিশেষ করে কিশোর-তরুণদের মধ্যে। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক প্রতিযোগিতায় এই বিষয়টি গুরুত্ব পায়। বিষয়টি ভিন্নধর্মী এবং এর ওপর কাজ করা সময়োপযোগী উদ্যোগ।’ তিনি আরও বলেন, ‘মন ভালো থাকলে সবকিছুই ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালো জিনিসও খারাপ মনে হয়। শিক্ষকেরা শিক্ষার্থীদের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করবেন এবং নিয়মিত কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের আনন্দমুখর রাখতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহ। এছাড়া বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার সোহেল আহমেদ। অনুষ্ঠানে যুব দক্ষতা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি রোমাজ রাজনসহ সংগঠনের অন্যান্য সদস্য, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক