মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় সাংবাদিককে পিটিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২৫ ইং
দামুড়হুদায় সাংবাদিককে পিটিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

দামুড়হুদা উপজেলার উজিরপুরে ইনতাজুল ইসলাম (৪০) নামের এক সংবাদকর্মীর ওপর হামলা, নগদ টাকা ও স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত সাংবাদিক বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জাতীয় দৈনিক দেশ সংবাদের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।


লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গা শহর থেকে মোটরসাইকেলযোগে দামুড়হুদা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন মো. ইনতাজুল ইসলামসহ আরও দুজন। তারা দামুড়হুদা থানার উজিরপুর গ্রামস্থ একটি মাদ্রাসার সামনে পৌঁছালে একটি ইজিবাইক বেপরোয়া গতিতে এসে তাদের ধাক্কা মারে। এতে ইনতাজুল ও তার সঙ্গে থাকা এক আরোহী সড়কে পড়ে গিয়ে আহত হন। পরে ইজিবাইক থেকে নেমে মো. মামুন (২৮), মো. সাইদুল্লাহ (৩০), মো. ইসলাম (৫০)-সহ আরও ২-৩ জন ব্যক্তি তাদের ওপর হামলা চালায়।


অভিযোগে আরও বলা হয়, প্রথমে তর্ক-বিতর্কের একপর্যায়ে অভিযুক্তরা লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করেন। এসময় মামুন মাথায় আঘাত করার চেষ্টা করলে ইনতাজুল বাম হাত দিয়ে প্রতিহত করেন, এতে তার কনিষ্ঠা আঙুল ভেঙে যায়। শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা ও কালশিটে জখম হয়।


অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা ভয়-ভীতি দেখিয়ে ভুক্তভোগীর গলায় থাকা সাড়ে ১১ আনা ওজনের একটি স্বর্ণের চেন (মূল্য প্রায় ১ লাখ ৪১ হাজার টাকা) ও নগদ ৩৭ হাজার ৩২০ টাকা ছিনিয়ে নেয়। পরে তারা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় কয়েকজনের নামও উল্লেখ করেছেন ভুক্তভোগী।


আহত ইনতাজুল ইসলাম পরদিন অর্থাৎ গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসকেরা তার আঙুলের হাড় ভাঙার বিষয়টি নিশ্চিত করেছেন। দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী